সারাদেশ / ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থা চালু, ডিএমপির কঠোর নির্দেশনা

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থা চালু, ডিএমপির কঠোর নির্দেশনা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে ই-টিকিটিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই ব্যবস্থার আওতায় এখন থেকে নির্দিষ্ট বাস স্টপেজ বা কাউন্টার ছাড়া কোনো গণপরিবহণ যাত্রী ওঠানো-নামানো করতে পারবে না। একই সঙ্গে টিকিটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিরপুর ট্রাফিক ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণে যাত্রীসেবা সহজীকরণ, পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে

বিশেষ করে মিরপুর ট্রাফিক ডিভিশনের আওতাধীন গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, তালতলা, শেওড়াপাড়া, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, ভাসানটিক, কালশি, সেগুনবাগিচা, মিরপুর-১২, বিরুলিয়া ব্রিজ, দিয়াবাড়ী ক্রসিং ও আশপাশের এলাকায় চলাচলকারী সব গণপরিবহণকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ডিএমপি জানায়, আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) থেকে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের বিষয়টি সম্পর্কে সচেতন ও অবহিত করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।


নিয়ম না মানলে কঠোর শাস্তি

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, টিকিট ছাড়া যাত্রী পরিবহন, সিঙ্গেল লেন না মেনে যানজট সৃষ্টি—এ ধরনের কোনো নিয়ম লঙ্ঘন হলে ২০ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট চালক ও পরিবহনের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং পয়েন্ট কর্তনসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

একই দিনে একাধিকবার বা একাধিক স্থানে নিয়ম ভঙ্গ করলে একাধিকবার শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেছে ডিএমপি।

এ জন্য যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক, চালক ও হেলপারদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা ও মাইকিংয়ের মাধ্যমে নিয়মগুলো জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে বিষয়টি নিশ্চিত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত