ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সংকটে পড়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত অস্ত্র কমে আসায় ইরান থেকে ছোড়া দীর্ঘপাল্লার হামলা ঠেকানোর সক্ষমতা কমে যেতে পারে ইসরায়েলের। এতে দেশটি ভয়াবহ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা সংকট সম্পর্কে অবগত। ইতিমধ্যে ওয়াশিংটন থেকে স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদারে সহায়তা করা হচ্ছে।
তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এর আগে গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে আগাম হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সামরিক ও পারমাণবিক স্থাপনায় এই হামলা চালানো হয়।
এই হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে হামলা চালিয়েছে।
আজ বুধবার (১৮ জুন) ইসরায়েল–ইরান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। আল জাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২৪০ জন নিহত হয়েছে, আর ইরানে পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।