জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসেন তিনি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।
নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শিক্ষার্থীদের দাবির মুখে রাত ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়, যা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে শেষ হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। দীর্ঘ ও চাপপূর্ণ ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।