খেলাধুলা / ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ—বিসিবিকে সতর্ক করল আইসিসি

ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ—বিসিবিকে সতর্ক করল আইসিসি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি। ফলে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ—এমন বার্তাই দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বৈঠকে আইসিসি স্পষ্ট করে জানায়—টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে খেলতেই হবে। অন্যথায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট হারাতে হবে দলটিকে।

তবে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি তাদের কাছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি। বোর্ডের কর্মকর্তারা বলছেন, আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু পয়েন্ট কাটা বা বাধ্যতামূলকভাবে ভারতে খেলতে হবে—এমন সিদ্ধান্ত লিখিতভাবে এখনো দেওয়া হয়নি।

এদিকে বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এর পরপরই আইসিসি জরুরি ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে ভারতের কলকাতায়।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে,
৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং
১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল।

বিশ্বকাপ ভেন্যু নিয়ে এই জটিলতার সূত্রপাত মূলত মুস্তাফিজুর রহমানকে ঘিরে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। তবে বিসিসিআইয়ের হস্তক্ষেপে সেই চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ অংশ নেবে কি না এবং কোন পরিবেশে খেলবে—তা নিয়ে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত