শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের ৭ম তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, শুক্রবার রাতে পরিবারটি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে চারজনই গুরুতরভাবে দগ্ধ হন।
পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভাতে সক্ষম হন এবং রাতেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, সবার অবস্থাই আশঙ্কাজনক।