গাজায় আবারও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নির্দেশনার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা ও মিসাইল বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আল শিফা হাসপাতালের কাছে এক মিসাইল বিস্ফোরণের শকওয়েভ কয়েক কিলোমিটার দূর থেকে অনুভূত হয়েছে। গাজা সিটির ওপর ইসরায়েলি ড্রোনও লক্ষ্য করা গেছে।
নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়া তেলআবিবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিত করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। উপত্যকার দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।