সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতককে কেন্দ্র করে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানিয়েছেন, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও এর উৎপত্তিস্থল ছিল ছাতক। রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থান করছে উৎপত্তিস্থল।
এর আগে ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্য, মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ডাউকি ফল্ট অঞ্চলে। এই এলাকা বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারি ২০২৪ সালেও এখানে একাধিক ভূমিকম্প হয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে, অঞ্চলটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
ইতিহাস অনুযায়ী, ১৭৮৭ সালের ভূমিকম্পে ডাউকি ফল্টে আঘাত হানলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায়। এছাড়া ১৮৯৭ সালে ৮ দশমিক ২ মাত্রার ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’-এ আসাম, মেঘালয় এবং ঢাকা শহরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।