বগুড়ায় পেট্রোল পাম্পের এক ক্যাশিয়ারকে হাতুড়ি দিয়ে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান। তিনি জানান, হত্যার ঘটনার পর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় রতনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে শনিবার গভীর রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ইকবাল হোসেন হেলাল (৩৫)কে হাতুড়ি দিয়ে হত্যা করে রতন। সকালে অন্যান্য কর্মচারীরা অফিসে এসে এ ঘটনার বিষয়টি টের পান।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করেছে যে, ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছিল। এ ঘটনায় তাকে দায়ী করে ক্যাশিয়ার ইকবাল। সেই ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে তাকে হত্যা করে রতন।
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ইতোমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাত আড়াইটার দিকে রতন অফিসে প্রবেশ করে হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি পালিয়ে যান।
নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।