দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসব উপলক্ষে স্ত্রীর হাতে থাকা পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করার ঘটনায় হাফিজুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিরামপুরের দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে স্ত্রী রেহেনা বেগম নবান্নের জন্য নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য স্বামী হাফিজুল ইসলামের কাছে দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায় রেহেনা বেগম হাতে থাকা বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”